পটুয়াখালীতে নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছে বলে জানা যায়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আবু নাঈম গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে তাদের ট্রাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়ে ছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যায় কম দেখে উসকানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খানসহ (৩৭) সাত থেকে আটজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) বলেন, শনিবার রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। এই হামলায় সাত থেকে আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে জায়েদ মাহমুদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদারকে (২৪) গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার ওসি জিল্লুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: