ইন্টারনেট
ADS

হাসিমুখে শেখ হাসিনাকে জড়িয়ে ধরলেন সোনিয়া গান্ধী, স্নেহে সিক্ত সন্তানতুল্য প্রিয়াঙ্কা

10 June 2024, 10:27:00

দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সোনিয়া গান্ধী, তার ছেলে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

সোমবার বিকালে আইটিসি মৌর্য হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসিমুখে জড়িয়ে ধরেন ভারতের পার্লামেন্টের রাজ্যসভা সদস্য ও কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর স্নেহের আদরে সিক্ত হন সন্তানতুল্য প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধীও।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেসের নেতাদের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে কংগ্রেস। সেখানে দেখা যায়, হোটেলের দরজায় হাসিমুখে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহাস্যে তাঁর দিকে এগিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী। তারা কুশল বিনিময় করেন। এরপর রাহুল গান্ধী এগিয়ে এসে প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানান। তারপর সহাস্যে এগিয়ে এসে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী।

শেয়ার করা ভিডিওতে কংগ্রেস লিখেছে, আজ নয়াদিল্লিতে সিপিপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন তারা।

এর আগে রবিবার সন্ধ্যায় মোদি সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতীয় সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পরে দুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন। ভারতের সিনিয়র মন্ত্রীরা, বাংলাদেশের প্রতিনিধি দল, আমন্ত্রিত সরকার ও রাষ্ট্রপ্রধানরা নৈশভোজে অংশ নেন। সেখানে তারা সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের মধ্যে কুশল বিনিময় হয়।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে সোমবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: