ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহলদল সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলে শিশু রয়েছে।
বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়। ফলে কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তারা সবাই ভারতীয় নাগরিক।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৪ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সীমান্ত আইন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: