নির্বাচন ভবনে নতুন সিইসি ও ৪ কমিশনার, দুপুরে ব্রিফিং
অফিস শুরু করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার।
রবিবার শপথ নেওয়ার পর সোমবার প্রথম কর্মদিবসে নির্বাচন ভবনে আসেন নতুন কমিশন সদস্যরা। এদিন সকাল পৌনে ৯টার দিকে সিইসি কাজী হাবিবুল আউয়াল এসে উপস্থিত হন। এর আগে ৯টা ৪১ মিনিটে আসেন কমিশনার বিগ্রেডিয়ার আহসান হাবীব খান।
পরে ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের নেতৃত্বে নতুন কমিশনকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা।
কমিশনার বেগম রাশিদা সুলতানা আসেন ৯টা ৫০ মিনিটে। এর পর ১০ মিনিট পর এসে উপস্থিত হন আনিছুর রহমান। ১০টা ৪ মিনিটে আসেন মো. আলমগীর।
বেলা ১১টায় ইসির কনফারেন্স রুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন সিইসি ও অন্য কমিশনাররা। এর পর দুপুর সাড়ে ১২টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে নতুন কমিশনারদের।
এর আগে রবিবার বিকালে শপথ নেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন কমিশনার।
শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই কমিশনের কার্যকাল পাঁচ বছর। সে হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচন তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: