ইন্টারনেট
ADS

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন

10 March 2026, 2:12:13

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সরকার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগী পরিবারগুলোকে ভাতা দেবে। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। তাঁরা ঘরে বসেই ভাতা পাবেন।

পাইলট প্রকল্পের আওতায় সারা দেশ থেকে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ধারণ করে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। পরবর্তীতে ডাবল ডিপিং, সরকারি চাকরি, পেনশনসহ বিভিন্ন সুবিধা বিবেচনায় বাদ দিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি পরিবারের পাঁচ সদস্যের জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়া হবে। নির্বাচিত নারী পরিবারপ্রধান অন্য কোনো সরকারি ভাতা বা সহায়তা পেলে সেই সুবিধা বাতিল হবে, তবে পরিবারের অন্য সদস্যদের বিদ্যমান ভাতা বহাল থাকবে।

পাইলট পর্যায়ে কোনো পরিবারের সদস্য যদি সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা বেতন-ভাতা বা পেনশন পান, তবে সে পরিবার এ কর্মসূচির আওতায় আসবে না। এছাড়া পরিবারের নামে বড় ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক লাইসেন্স, বিলাসবহুল সম্পদ (যেমন গাড়ি বা এসি) অথবা পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র থাকলেও তারা এ সুবিধা পাবে না।

সামাজিক নিরাপত্তা খাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ ভাতা জিটুপি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবেই পাঠানো হবে। আগামী জুন পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ দশমিক ৭ কোটি টাকা। এর মধ্যে ২৫ দশমিক ১৫ কোটি টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে এবং ১২ দশমিক ৯২ কোটি টাকা কর্মসূচি বাস্তবায়ন ব্যয়ে ব্যয় হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: