বাংলাদেশে আসছে ‘পাঠান’, জানাল তথ্য মন্ত্রণালয়ও
বহু জল ঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’। রবিবার তথ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সেখানে ভারতীয় সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জানা গেছে, ওই সংবাদ সম্মেলনে দেশে ভারতীয় সিনেমা আমদানির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন পেশ করবেন তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির দুয়ার উন্মোচিত হবে।
এ বিষয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু ঢাকা টাইমসকে বলেছেন, ‘মন্ত্রী (তথ্যমন্ত্রী) মহোদয় বলেছেন, এখন আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজকালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।’
এর আগে দেশে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। তাদের অনেকেই রবিবার তথ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, দেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে কোনো দ্বিমত নেই। প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে চলবে।
কিন্তু ‘পাঠান’ কবে বাংলাদেশে মুক্তি পাবে? জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এর আগে গত ২৫ জানুয়ারি ভারতসহ বিশ্বের ১০০টি দেশে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা।
‘পাঠান’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। চার বছর পর এটি তার কামব্যাক সিনেমা। এখানে তাকে ‘র’-এর একজন এজেন্টের ভূমিকায় দেখা গেছে। তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে জন আব্রাহাম। ক্যামিও চরিত্রে কয়েক মিনিটের জন্য জমক দেখিয়েছেন সালমান খান।
ভারতীয় বক্স অফিসের খবর অনুযায়ী, এরইমধ্যে বাংলাদেশি টাকায় প্রায় ১৩০০ কোটি টাকা আয় করে ফেলেছেন শাহরুখ-দীপিকা জুটির চতুর্থ সিনেমা ‘পাঠান’। মুক্তির চতুর্থ সপ্তাহেও সিনেমাটি চলছে বুক চিতিয়ে। এবার বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করতে আসছে ‘পাঠান’।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: