বিএনপি জনগণ নিয়ে ভাবে না, তাদের লক্ষ্য ক্ষমতা: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণ নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য ক্ষমতা। শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপির ১ দফা দাবি সরকার পতন’ এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছর ধরে সরকার পতনের কথা শুনে আসছি। দিন, কাল, ক্ষণ, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষা এসব অনেকবার শুনেছি যে, এর পরপরই আন্দোলন হবে।
তিনি বলেন, বিএনপি এখন জনগণ নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা। সেই হাওয়া ভবনে লুটপাট। এটাই তাদের লক্ষ্য।
কবি নজরুলের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যৌবনের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, ব্যথার কবি কাজী নজরুল ইসলাম। তার মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, বাহাউদ্দীন নাছিম প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: