সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার কবরে শ্রদ্ধা নিবেদন করবে।
২০২০ সালের ৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
১৯৪৩ সালের ১ মার্চ ঢাকার কুর্মিটোলায় তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি বিএ এবং এলএলবি ডিগ্রী অর্জন করেন।
তিনি শিক্ষা জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি রাজপথে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, আইয়ুব-ইয়াহিয়া বিরোধী আন্দোলন, দেশ স্বাধীন করার আন্দোলন, ৭৫’র পর অগণতান্ত্রিক ও স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন এবং বিএনপি সরকারের নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছেন। রাজপথে আন্দোলন, বিভিন্ন সময়ে হরতাল, সভা-সমাবেশ করতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার এবং নির্যাতিত হয়েছেন।
তিনি আইনপেশায় নিয়োজিত থাকা অবস্থায় দলের বহু নেতাকর্মীর মামলা বিনা পয়সায় লড়েছেন।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাহারা খাতুন। তারপর ২০১২ সালে মন্ত্রণালয়ের রদবদল ঘটলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: