পাঁচ বছর পর ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখাগুলোর বার্ষিক সম্মেলন আজ রোববার। প্রায় পাঁচ বছর পর এ সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই সম্মেলন ঘিরে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা বিরাজ করছে। এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল পাবে ছাত্রলীগের নতুন কমিটি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এর আগে গতকাল শনিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সম্মেলনকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি সভাপতি বরিকুল ইসলাম বাঁধন প্রমুখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, নেতৃত্ব নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে একুশ শতকের এই পর্যায়ে ‘নিউ নরমাল রিয়েলিটি’-কে বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের উপযোগী মানবসম্পদ গড়তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা সম্পন্ন কর্মীদের দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ব্যাপারে একটি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমাদের অবস্থান বরাবরের মতোই ‘জিরো টলারেন্সে’ থাকবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সবশেষ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সে হিসেবে ওই কমিটির মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও নতুন কমিটির মুখ দেখিনি হলগুলো।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: