জিয়া ইস্যুতে আ.লীগ জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল
জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এবং রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার লাশ নেই বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে বিতর্ক সৃষ্টি করেছে এর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাকে ইস্যু বানিয়ে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল এই অভিযোগ করেন।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার করোনা ও ডেঙ্গু প্রতিরোধ, মানুষের নিরাপত্তা প্রদানসহ অর্থনীতিতে ব্যর্থ হওয়ার পর সাধারণ মানুষকে ভিন্ন চিন্তায় ঠেলে দিতে শহীদ জিয়া মুক্তিযোদ্ধা নন এবং তার কবরে লাশ নেই বলে প্রচারণা চালাচ্ছে। অথচ যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি যুদ্ধ করেননি এরূপ কথাবার্তা অযৌক্তিক।’ আওয়ামী লীগ নেতাদের এই ধরনের ইস্যুবিহীন কথা অরাজনৈতিক ও কুরুচিপূর্ণ দাবি করেন বিএনপি মহাসচিব।
জিয়ার কবর প্রসঙ্গে ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে ঢাকায় আনা হয়। জনসম্মুখে সেই লাশ দাফন করা হয়। যা ধ্রুবতারার মতো সত্য। কাজেই এই ইস্যু নিয়ে কথা বলাই হলো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।’
করোনাকালে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া শেষ করলেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন ফখরুল।
এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না জানিয়ে ফখরুল বলেন, ‘এই সরকারের সময়ে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় না। তাই বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন, পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, ইউনুস আলী প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: