স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার প্রস্তুতি এনসিপির
স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নেতাদের মতে, এ সিদ্ধান্ত সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে। তবে এতে ভোট বিভাজনের ঝুঁকিও রয়েছে বলে তারা স্বীকার করেছেন।
দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আত্মপ্রকাশের এক বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন পাওয়ার পর এনসিপি এখন সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারে মনোযোগ দিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় নতুন কমিটি গঠন এবং বিদ্যমান কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে।
তিনি বলেন, “নির্বাচনের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। যেসব এলাকায় কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে, আর পুরোনো কমিটিগুলোর কার্যকারিতা পর্যালোচনা করা হচ্ছে।”
এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাব্য সুবিধার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, এতে দলীয় সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে। তবে ভোট বিভাজনের কারণে কিছু ক্ষেত্রে জয়ের সম্ভাবনা কমে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও স্পষ্টতা না থাকায় জোট গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
দল সম্প্রসারণের ক্ষেত্রে সতর্ক অবস্থানের কথাও জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, “অনেক পরিচিত ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে দলের ভাবমূর্তি ও আদর্শগত অবস্থান বিবেচনায় আমরা সবাইকে গ্রহণ করিনি।”
তার ভাষায়, এমন কাউকে দলে অন্তর্ভুক্ত করা হবে না, যার কারণে স্থানীয় বা জাতীয় পর্যায়ে দলের জন্য নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: