মুক্তির অপেক্ষায় জয়ার ‘অর্ধাঙ্গিনী’
‘বিজয়া’, ‘বিসর্জন’র পর আবারও ওপার বাংলার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করলেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘অর্ধাঙ্গিনী’। আগামী ২জুন সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোষ্টে বিষয়টি নিশ্চিত করেন জয়া আহসান নিজেই।
সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে ফেসবুকে জয়া জানালেন, চলতি বছরের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সঙ্গে ক্যাপশনে লিখলেন ‘সত্যি কি অর্ধেক হয়?’
‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে এখানে একদম নতুন ভাবে দেখা যাবে। জানা গেছে, এখানে তাকে গায়কের ভূমিকায় দেখা যাবে। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায় দেখা গেছে। এই সিনেমাতেও তিনি থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।
মূলত দুই নারীর জীবনের গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প। এখানে চূর্ণী বা জয়ার বিপরীতে কৌশিককে দেখা যাবে কিনা সেই নিয়ে অবশ্য এখনও ধোঁয়াশা রয়েছে।
২০১৯ সালে দুর্গাপূজার পর শুরু হয়েছিল এই সিনেমার শ্যুটিং। মাঝে পেরিয়ে গেছে বেশ কয়েক বছর। অবশেষে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সিনেমার মুক্তির তারিখ।
এখন দেখার পালা কৌশিক-জয়ার হিট জুটি আবার ‘অর্ধাঙ্গিনী’তে সেই ম্যাজিক দেখাতে পারে কিনা। সেই অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: