ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

আজ থেকে টানা ৭ দিন ব্যাংক বন্ধ, টাকা তুলবেন যেভাবে

17 March 2026, 2:38:35

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলে আজ মঙ্গলবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য এবং ওই শিল্পে কর্মরতদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা রাখতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার।

সার্কুলার অনুযায়ী, এসব ব্যাংকের অফিস সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে। ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।

সাতদিন সারা দেশের সব ব্যাংক বন্ধ রাখার এমন সিদ্ধান্ত বাংলাদেশে এই প্রথম। ফলে এ বিষয়টি মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। বিশেষ করে ব্যাংক বন্ধ থাকা অবস্থায় টাকা তোলার প্রয়োজন হলে তার সমাধান কী হবে, সে বিষয়টিই বেশি ভাবাচ্ছে মানুষকে।

এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলেও কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা খোলা রাখা যাবে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে এটিএম থেকে টাকা উত্তোলন করা যাবে। গ্রাহক যাতে এটিএম থেকে টাকা তুলতে পারেন তার ব্যবস্থা রাখতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে, এটিএম বুথগুলোতে নগদ অর্থের যাতে অভাব না হয় সেজন্য ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ব্যাংক বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ থাকছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: