ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান

18 July 2026, 7:12:27

উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার ও মাছ ধরার নৌকাকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে। এ লক্ষ্যে উপকূলজুড়ে সচেতনতামূলক মাইকিং করছে বাহিনীটি।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় প্রস্তুত রয়েছে।

কোস্ট গার্ড জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে থাকা সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া নৌযান ও ট্রলারের মালিকদের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজন বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: