ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রি

1 January 2026, 11:52:30

নতুন বছরের প্রথম দিনেই উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ তাপমাত্রা কমে গেছে। এক সপ্তাহের বেশি সময় তুলনামূলক উষ্ণ আবহাওয়ার পর জেলায় ফের এক অঙ্কের ঘরে নেমেছে পারদ, শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেয়। আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার পর সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে প্রকৃতি হয়ে উঠেছে উজ্জ্বল। রোদ ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন, কর্মচাঞ্চল্যও দেখা যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে।

তবে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, ঠান্ডাজনিত জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগী বেশি আসছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত দুই দিনে রোগীর সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যাদের মধ্যে শিশু ও প্রবীণদের সংখ্যা বেশি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহবুব আলম জানান, তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট ও সর্দি-জ্বরসহ নানা শীতজনিত রোগ বাড়ছে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি সবাইকে গরম কাপড় ব্যবহার, সকাল ও সন্ধ্যায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং গরম পানি পান করার পরামর্শ দেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, গত এক সপ্তাহে পঞ্চগড়ের তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামা হয়েছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১২ দশমিক ২, সোমবার ১২ এবং রোববার ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ওঠানামা করছে। আজ তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: