ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৯ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক
ঘনকুয়াশা ও দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টির ৯ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা পর যানচলাচল স্বাভাবিক হলেও ধীরগতি রয়েছে।
এর আগে বুধবার রাত ১২ টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগুর ৭নং ব্রিজ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কের যমুনা সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ থেকে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন ফলে যাত্রী ও চালকরা।
এদিকে, যানজটের কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক হয়ে চলাচল করে। এতে এই সড়কেও বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট সৃষ্টি হয়।
পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেংগুর ৭নং ব্রিজের কাছে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলেঙ্গা থেকে সেতু পূর্ব সিঙ্গেল লেন থাকায় মুহূর্তে যানজট সৃষ্টি হয়।
ফলে মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ হয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরাতে অনেকটা সময় লাগে। এর কারণে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সদস্যদের যৌথ চেষ্টায় ট্রাক সরিয়ে নিলে ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, ‘দুই ট্রাকের সংঘর্ষ, ঘন কুয়াশা ও টোল আদায় বন্ধ হওয়ায় মহাসড়কের সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। ট্রাক দুটি সরানোর পর বৃহস্পতিবার সকাল ৮ টার পর স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: