মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি, নিখোঁজ ২
মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন-বাল্কহেডের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। তাদের দুজনের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
জানা গেছে, সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানা, মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন দুইজন।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ঘটনাস্থলে নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এদিকে দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী লঞ্চটি চলে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: