১৯ বছর পর দুই আসামির ফাঁসি কার্যকর
চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তা শফিউদ্দিনকে হত্যার ঘটনায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্মকর্তা শফিউদ্দিন হত্যা মামলায় প্রায় ১৯ বছর পর এই দুই আসামির শাস্তি কার্যকর করা হল।
দণ্ডিত ব্যক্তিরা হলেন- নাইমুল ইসলাম ইমন ও শিপন হাওলাদার। শিপন হাওলাদারের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় হলেও থাকতেন চট্টগ্রাম নগরের খুলশীর দক্ষিণ আমবাগানে। আর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাইমুল ইসলাম ইমন থাকতেন চট্টগ্রাম নগরের লালখান বাজার ডেবারপাড় এলাকায়। ফাঁসির রায় কার্যকর করার আগে কারাগারে উপস্থিত হন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নি ও কারা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রামের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের বাসায় রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। তিনি স্থানীয় রেলওয়ের আমবাগান এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতিতে যুক্ত ছিলেন। ওই সময় বিভিন্ন কারণে চার দফায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ করে প্রশাসন। এসব ঘটনার জের ধরে সন্ত্রাসীরা তার সরকারি বাসায় ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য নিয়ে দুই ঘাতক শিপন ও ইমনকে ফাঁসি, সাত আসামিকে যাবজ্জীবন এবং চার জনকে খালাস দেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: