ভাসানচর পৌঁছাল আরও ১২৮৭ রোহিঙ্গা
দশম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ২৮৭ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৪৯ জন। আজ সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোয়াজ্জেম হোসেন বলেন, নতুন আসা রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌ বাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে তাদের গাড়িতে করে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়া কক্সবাজারে বেড়াতে যাওয়া ৮১ জন রোহিঙ্গা একই জাহাজে ফিরে এসেছেন। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০ হাজার ৯৪৯ জনে।
প্রসঙ্গত, নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন, অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২ জন এবং নবম দফায় ৬ জানুয়ারি ৭০৫ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: