লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে পুলিশের লাঠিচার্জ
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় শর্ট সিলেবাসের দাবিতে সড়ক অবরোধকারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের ই-সেবা কেন্দ্রের জানালা ভাঙচুর চালায়।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে তারা বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দুই ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ লাঠিচার্জ চালিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।
জানা যায়, ২০২২ সালের শতাধিক এসএসসি পরীক্ষার্থী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় তারা ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে।
kalerkantho
একপর্যায়ে সড়ক অবরোধ করে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-চট্টগ্রামগামী সাধারণ যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা গাড়ি চালকদের লাইসেন্স যাচাই করতে গেলে গণ্ডগোল সৃষ্টি হয়। একপর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে ই-সেবা কেন্দ্রের জানালা ভাঙচুর করে।
পরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মিমতানুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় রাকিব হোসেন, সাদমান হোসেন ও ওয়াসিমসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে।
তবে সড়ক অবরোধ-বিক্ষোভ নিয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: