- একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন
- হরমুজে ১০ দিনে ৪০ সংঘাত, পাঁচ ট্যাংকারে আগুন
- ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মী নিহত
একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর অর্ধেকের বেশি অর্থ যাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) দুটি প্রকল্পে। এ দুই প্রকল্পে খরচ হবে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। আজকের অনুমোদিত প্রকল্পগুলোর পুরো বিদেশি ঋণই আসবে এই দুই প্রকল্পের জন্য।
সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভাটি হয়। পরে পরিকল্পনা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুমোদনের তথ্য জানায়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটির শুধু মেয়াদ বাড়ানো হয়েছে।
আরো পড়ুন
৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচিসহ ১৩ প্রকল্প অনুমোদন
প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচিসহ ১৩ প্রকল্প অনুমোদন
ধর্মীয় সম্প্রীতি উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প উঠছে একনেকে
ধর্মীয় সম্প্রীতি উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প উঠছে একনেকে
জাপান সফরের আগে ‘জরুরি ফাইলের চাপ’, স্থগিত একনেক বৈঠক
জাপান সফরের আগে ‘জরুরি ফাইলের চাপ’, স্থগিত একনেক বৈঠক
মোট ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে দেবে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৫৩ শতাংশ। প্রকল্প ঋণ থেকে আসবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। আর বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।
আরইবির দুটি প্রকল্পের একটি হলো ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার ক্ষমতা বাড়ানো। এতে ব্যয় হবে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এজন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ২০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা ঋণ নেওয়া হবে।
অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন। এর ব্যয় ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এ প্রকল্পে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ৫৩ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
দুই প্রকল্পে আরইবি নিজস্ব তহবিল থেকে দেবে ২ হাজার ৩৯০ কোটি টাকা। প্রকল্প দুটির আওতায় নতুন উপকেন্দ্র নির্মাণ, পুরোনো উপকেন্দ্রের সক্ষমতা বাড়ানো এবং বিতরণ লাইন নির্মাণ ও মেরামত করা হবে। এতে বিতরণ সক্ষমতা বাড়বে ২ হাজার ৬৮১ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ)।
বিদ্যুৎ খাতে এ বিনিয়োগ এমন সময়ে অনুমোদন পেল, যখন কারখানাগুলো ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ করছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক জরিপে উঠে এসেছে, চলতি বছরের এপ্রিল-জুনে বড় ও মাঝারি কারখানায় দিনে গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা গ্রিডের বিদ্যুৎ ছিল না। গত বছরের তুলনায় এটি দ্বিগুণ।
আজকের সভায় স্বাস্থ্য খাতের দুটি পুরোনো প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। এর একটি আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্প। প্রকল্পটি দীর্ঘসূত্রতার একটি বড় উদাহরণ হয়ে উঠেছে।
২০১৯ সালে প্রকল্পটি যখন অনুমোদন পায়, তখন ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা, মেয়াদ ছিল তিন বছর। প্রথম সংশোধনে ব্যয় বেড়ে হয় ৩ হাজার ৪৪৩ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনের প্রস্তাবে ব্যয় আরো প্রায় ১ হাজার ৯৯ কোটি টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল। সব মিলিয়ে মূল ব্যয়ের তুলনায় খরচ বাড়ছে প্রায় ৯০ শতাংশ। একই সঙ্গে মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়। ফলে তিন বছরের প্রকল্প শেষ হতে লাগবে নয় বছর।
প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ভবন নির্মাণের বাস্তব অগ্রগতি ৭২ শতাংশ। কিন্তু আর্থিক অগ্রগতি মাত্র ৩১ শতাংশ। প্রতিটি কেন্দ্রে ১৫ তলা ভবনে ৪৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল হওয়ার কথা। কিন্তু আট বিভাগের একটি কেন্দ্রেও এখনো চিকিৎসা সেবা চালু হয়নি।
প্রায় ৯০ কোটি টাকায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নির্মিত ভবনটি এখনো খালি পড়ে আছে। বরিশালের কেন্দ্রটি দুই দফা মেয়াদ বাড়িয়েও চালু করা যায়নি।
স্বাস্থ্য খাতের অন্য প্রকল্পটি হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ। একই প্রকল্পে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলায় ঊর্ধ্বমুখী সম্প্রসারণও রয়েছে। আজ এ প্রকল্পেরও দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে নতুন দুটি প্রকল্প হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পটির দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পটির কাজ হলো গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) করা। প্রকল্পটির এটি চতুর্থ সংশোধন। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পটি অনুমোদন পেয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে এ প্রকল্প নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। প্রকল্পটি হলো চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন।
সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
এর এক সপ্তাহ আগে, গত ১৮ নভেম্বর একনেক ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছিল। ফলে টানা দুই সপ্তাহের দুই সভায় মোট ৫৭ হাজার ৪০৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন পেল। অথচ চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা কম হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: