ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

আমরা এক দফার দিকে যাচ্ছি, পদত্যাগে বাধ্য করা হবে: পাটওয়ারী

2 November 2026, 10:18:34

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানকে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত বিরোধী দলগুলোর জোট থামবে না। এ লক্ষ্য সামনে রেখে তারা ‘এক দফার’ দিকে এগোচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

জোট ভেঙে যাওয়া কিংবা শরিকদের মধ্যে দূরত্ব তৈরির গুঞ্জন নাকচ করে তিনি বলেন, ‘যারা গুজব সৃষ্টি করতে চাচ্ছে যে জোট ভেঙে গেছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, ওগুলো তাদের আকাশকুসুম কল্পনা। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন বাংলাদেশের বিরোধী দলের এই জোট ভাঙবে না। এই জোট ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগ করিয়েই তারপরে ক্ষান্ত হবে। কারণ আমরা এক দফার দিকে যাচ্ছি।’

নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, তারা কোনো সরকার, বিরোধী দল কিংবা বিদেশি পক্ষের কাছ থেকে অর্থ নেন না। জনগণের অর্থে পড়াশোনা করেছেন এবং দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কোনো সরকারেরও টাকা খাই না। বিরোধী দলেরও কোনো টাকা খাই না। বিদেশেও টাকা খাই না। আমরা এখানে জনগণের ট্যাক্সের টাকা পড়াশোনা করেছি। বাংলাদেশের মাটিতে বসবাস করি। এখানের পানি, বায়ুতে চলাফেরা করি। ফলে এটার প্রতি যে রেসপনসিবিলিটি, আমরা এর কাছে দায়বদ্ধ। আর কারও কাছে দায়বদ্ধতার সুযোগ নাই আমাদের।’

এ সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, তাদের সামনে নতুন একটি বড় রাজনৈতিক সংগ্রাম শুরু হচ্ছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতার বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের বক্তব্যের উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ থেকে অর্থ নিয়ে দলটির নেতাকর্মীদের মামলা থেকে মুক্ত করার চেষ্টা চলছে। ওই বক্তব্যের সূত্র ধরে সরকারের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা এবং অর্থ লেনদেনের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: