ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
বিপদসীমার নীচ দিয়ে পনি প্রবাহিত হলেও স্থিতিশীল রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতি। ভারত থেকে উজানের পানি আর ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রায় ২০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তবে গত ২৪ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ২৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে। এছাড়া পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৩শ হেক্টর আমন ধানসহ সবজি ক্ষেত।
এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৩’শ পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকলকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। গত দুইদিনে পাঁকা ও দূর্লভপুর ইউনিয়নে ১১ টন চাল বিতরণ করা হয়েছে। রোববার থেকে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হবে।
অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, পানিবন্দি মানুষের সহায়তায় কাজ করছে প্রশাসন। আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের পানিবন্দি ১৮’শ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে ১৮ টন চাল বিতরণ করা হয়েছে।
পানিবন্দি মানুষেরা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় বিশুদ্ধ খাবার পানি নিয়ে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। পানির উৎসগুলো ডুবে যাওয়ায় নিরাপদ পানি সংগ্রহ করতে দূরের এলাকায় যেতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে। এছাড়া তারা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। শুষ্ক স্থান না থাকায় রান্না করা খাবার খেতে পারছেন না তারা।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, ভারতের উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়েছে। শনি ও রোববার পানির প্রবাহ স্থিতিশীল থাকবে। সোমবার থেকে পানি দ্রুত কমে আসার সম্ভাবনা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: