ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মো. আব্দুস সালাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রয়োজন হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজন করা হবে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। এছাড়া ঈদের জামাতের জন্য মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঈদগাহ সংলগ্ন অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লির অজু করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোও সমন্বিতভাবে কাজ করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: