কেন্দ্রে ছুটছেন নৌকাপ্রত্যাশীরা মাঠ গোছাচ্ছে বিএনপিপন্থীরা
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের তফসিল ঘোষণার পর নগরজুড়ে বেড়েছে নির্বাচনী উত্তাপ। নগরীর ২৭টি ওয়ার্ডের পাড়া-মহল্লার চায়ের দোকান, রাস্তার মোড়ে মোড়ে এখন চলছে নির্বাচনী আলোচনা। সর্বত্র একই আলোচনা—কে হচ্ছেন কুমিল্লা সিটির তৃতীয় মেয়র; বর্তমান মেয়র ফের নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করবেন, নাকি নতুন কেউ মেয়র হবেন।
বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে।গত বছর ১৬ নভেম্বর থেকে কুসিক নির্বাচনের সময় গণনা শুরু হলে মাঠে নামেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। নগরীর দেয়ালজুড়ে শোভা পেতে থাকে সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা পোস্টার। এর মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগ সমর্থিত মনোনয়নপ্রত্যাশী। নিজেদের অবস্থান জানান দিতে অন্তত আটজন মেয়র প্রার্থী নগরীতে গণসংযোগ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ইফতার পার্টিসহ অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিতে থাকেন।
তবে তফসিল ঘোষণার পর নৌকা প্রতীক প্রত্যাশী বেশির ভাগ নেতা বর্তমানে কেন্দ্রে ব্যস্ত সময় পার করছেন। তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি চেষ্টা করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে।
এদিকে বিএনপির দলীয় সিদ্ধান্ত, তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। তবে কুসিকের বর্তমান মেয়রসহ দলটির অন্তত তিনজন প্রার্থী নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাঁরা নাগরিক সমাজের ব্যানারে (স্বতন্ত্র) নির্বাচন করবেন। এরই মধ্যে তাঁরা মাঠ গোছানোর কাজ করছেন।
কুসিক নির্বাচন নিয়ে নগরীর সচেতন ও বিশিষ্ট নাগরিকরা তাঁদের প্রত্যাশার কথা জানিয়েছেন। অনেকে বলছেন, কুমিল্লা নগরীর জন্য নগরপিতা নয়, প্রয়োজন নগর সেবকের। এ জন্য একজন শিক্ষিত ও সচেতন মেয়র নির্বাচন করা দরকার। অনেকে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করারও দাবি করেছেন।
আওয়ামী লীগ
তফসিল ঘোষণার পর থেকে নগরজুড়ে একটাই আলোচনা, কুসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারা? বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন কে পাচ্ছেন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা, সাধারণ সম্পাদক আরফানুল হক, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নূর-উর রহমান মাহমুদ তানিম, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, প্রয়াত আফজল খানের ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, সাবেক ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধা মেজর মমিন ফাউন্ডেশনের সদস্যসচিব কাজী ফারুক আহাম্মেদ প্রমুখ।
তাঁদের মধ্যে আঞ্জুম সুলতানা এখনো নির্বাচন করার ঘোষণা দেননি। গত নির্বাচনে তিনি নৌকার প্রার্থী ছিলেন। তাঁকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা মনিরুল হক ওরফে সাক্কু। এবারের নির্বাচন প্রসঙ্গে আঞ্জুম সুলতানা বলেন, ‘আমি নেত্রীর সিদ্ধান্তের দিকে চেয়ে আছি। নেত্রী যা ভালো মনে করবেন, সেটাই করব। ’
আরফানুল হক বলেন, ‘মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আমার নাম দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দলের সব নেতাকর্মী আমাকে সমর্থন দিয়েছেন। আশা করছি নেত্রী আমাকেই নৌকার মনোনয়ন দেবেন। ’
আনিসুর রহমান বলেন, ‘এখন যাঁরা নৌকার মনোনয়নপ্রত্যাশী, তাঁদের চেয়ে দলে আমার ত্যাগ ও শ্রম অনেক বেশি। ’
নূর-উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘দীর্ঘদিন ছাত্ররাজনীতি করে দলকে সুসংগঠিত করেছি। জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে সব সময় রাজপথে ছিলাম। ’
মাসুদ পারভেজ খান ইমরান বলেন, ‘কুসিকের প্রথম নির্বাচনে আমার বাবা এবং দ্বিতীয় নির্বাচনে আমার বোনকে দলীয় মনোনয়ন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার পরিবারকে মূল্যায়ন করেছেন। ’
বিএনপি
দল নির্বাচন না করলেও নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির মনিরুল হক সাক্কু। মাঠ গোছানোর কাজও শুরু করেছেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।
কালের কণ্ঠকে মেয়র সাক্কু বলেন, ‘গত দুই মেয়াদে মেয়র হিসেবে আমি সফল। ব্যাপক উন্নয়ন করেছি। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমার অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব। ঈদের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কাজ শুরু করব। ’
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য কাউসার জামান বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। মানুষের আগ্রহে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল নির্বাচনে গেলে আমি অবশ্যই দলীয় মনোনয়ন চাইব। আর দল নির্বাচনে না গেলে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। ’
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে যাবে না, এটা চূড়ান্ত। কিন্তু আমার কর্মী-সমর্থকরা চায় আমি নির্বাচন করি। দলের নেতাকর্মীদের কথা ভেবে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করব। ’
সচেতন নাগরিকরা যা বলছেন
মানবাধিকার সংগঠক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের ভালো কিছু প্রত্যাশা ছিল। ইভিএম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থা। এ জন্য আমার মনে হয় নির্বাচন কমিশনের বিষয়টি বিবেচনা করা দরকার। আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যেখানে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ’
সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোকে সৎ, যোগ্য ও জনগণের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন—এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: