ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

রোহিঙ্গা গণহত্যাকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

21 March 2022, 1:53:49

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর বছরের পর বছর ধরে চলা সহিংসতাকে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় আজ সোমবার ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল জাদুঘর পরিদর্শন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বলে যে সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উপনীত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

জাদুঘরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নিষ্ঠুরতা নিয়ে ‘গণহত্যার পথে বার্মা’ শিরোনামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এই প্রথম আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

পাঁচ বছর আগে গণহত্যা সংঘটিত হলেও এতদিন এ ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার ঘটনায় অভিযুক্ত করা যায় কিনা তা নিয়ে বিতর্ক ছিল। তবে বাইডেন প্রশাসন এ ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই স্বীকৃতির মাধ্যমে মিয়ানমারের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নেই। কারণ হামলা শুরুর পর থেকেই দেশটির ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই স্বীকৃতির মাধ্যমে ভবিষ্যতে দেশটিতে সাহায্যের পরিমাণ কমিয়ে আনাসহ আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া, রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে জবাবদিহিতায় আনতে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও বেগবান করবে ওয়াশিংটন।

ফলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা মিয়ানমার সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর সহিংসতা শুরু করে দেশটির সেনাবাহিনী। তাদের হামলা থেকে বাঁচতে প্রায় সাড়ে আট লাখ মানুষ বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: