ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

মহাকাশে ২০০ মিটারের ব্যবধানে সংঘর্ষ এড়াল স্টারলিংক ও চীনা স্যাটেলাইট

19 December 2025, 10:45:45

মহাকাশে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও শেষ মুহূর্তে সংঘর্ষ এড়িয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ও একটি চীনা কোম্পানির নতুন উৎক্ষেপিত স্যাটেলাইট। মাত্র ২০০ মিটারের ব্যবধানে এসে পড়লেও শেষ পর্যন্ত বড় বিপর্যয় ঘটেনি বলে নিশ্চিত করেছে স্পেসএক্স। খবর দ্য ইন্ডিপেনডেন্ট’র।

চীনা প্রতিষ্ঠান সিএএস স্পেসের উৎক্ষেপিত স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থানরত স্টারলিংক স্যাটেলাইটের অত্যন্ত কাছাকাছি চলে আসে। বিশেষজ্ঞদের মতে, এই দূরত্বে সংঘর্ষ হলে তা মহাকাশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারত।

স্পেসএক্সের স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ঘাটতির কারণেই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানান, অনেক সময় বিভিন্ন স্যাটেলাইট কোম্পানি নিজেদের স্যাটেলাইটের সঠিক অবস্থান অন্যদের সঙ্গে শেয়ার করে না। ফলে কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো অস্বাভাবিকভাবে একে অপরের খুব কাছে চলে আসে।

মহাকাশে ২০০ মিটারের ব্যবধানে সংঘর্ষ এড়াল স্টারলিংক ও চীনা স্যাটেলাইট
নিকলস আরও জানান, পৃথিবী থেকে প্রায় ৫৬০ কিলোমিটার উচ্চতায় এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তার মতে, মহাকাশে স্যাটেলাইট পরিচালনায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত তথ্য বিনিময় এখন সময়ের দাবি।

এ ঘটনায় চীনা কোম্পানি সিএএস স্পেস সরাসরি দায় স্বীকার না করলেও জানিয়েছে, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা তাদের উৎক্ষেপণ মিশন শেষ হওয়ার প্রায় দুই দিন পর ঘটেছে। তবে তারাও মহাকাশে স্যাটেলাইট পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, স্যাটেলাইটের সংঘর্ষ শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয়, বরং বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ সৃষ্টি করে, যা ভবিষ্যতে আরও সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। তারা ‘কেসলার সিনড্রোম’-এর কথা উল্লেখ করে বলেন, একটি সংঘর্ষ থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ পরপর অন্য স্যাটেলাইটে আঘাত হানতে পারে। এতে পৃথিবীর নিম্ন কক্ষপথ একসময় এতটাই বিপজ্জনক হয়ে উঠতে পারে যে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ বা মহাকাশ গবেষণা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী নীতিমালা, স্বচ্ছতা এবং সমন্বিত ব্যবস্থাপনা ছাড়া মহাকাশ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: