লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটে এশিয়ার প্রতিনিধিত্বে ভারত
২০২৮ অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আসরটি দিয়ে ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের আসরটিতে অংশ নেবে ছয় দল। যার মধ্যে, পাঁচ দলের অংশগ্রহণ প্রায় নিশ্চিতও। ১২ জুলাই থেকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটীয় আসরের পর্দা উঠবে। যেখানে পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২৯ জুলাই।
ব্রিটিশ সংবাদমাধ্যম, দ্য গার্ডিয়ান গতকাল এক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটে প্রত্যেক মহাদেশ থেকে একটি করে দল অংশ নেবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। যার মধ্যে স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ পাঁচ দল ইতিমধ্যে সবুজ সংকেত পেয়েছে এই প্রত্যাবর্তনের আসরে খেলার। যেখানে এশিয়ান অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবে ভারত এবং ওশেনিয়ান অঞ্চল থেকে অস্ট্রেলিয়া। তাতে অসন্তোষ প্রকাশ করেছে, এশিয়ান এবং ওশেনিয়ান অঞ্চলের দুই শক্তিশালী দল পাকিস্তান ও নিউজিল্যান্ড।
এছাড়াও ইউরোপ অঞ্চল থেকে গ্রেট ব্রিটেন, আফ্রিকান অঞ্চল থেকে দক্ষিণ আফ্রিকা অংশ নেবে। ইউরোপ অঞ্চল থেকে গ্রেট ব্রিটেন ‘জিবি’ ফরম্যাটে দল সাজাচ্ছে গ্রেট ব্রিটেন। যেখানে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড সম্মিলিতভাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নেবে। তাদের সঙ্গে স্কটল্যান্ডকে যুক্ত করতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। এছাড়াও গুঞ্জন আছে, ক্যারিবিয়ান অঞ্চল থেকে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আসরটিতে অংশ নেবে। কোনো বাছাইপর্ব ছাড়াই পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলগুলো বাদ পড়ছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে।
যদিও কোন কোন দেশ ২০২৮ অলিম্পিকে খেলবে, সেটা এখনো নিশ্চিত করে জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে দ্য গার্ডিয়ানের তথ্যমতে, চলতি মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়া আইসিসির বার্ষিক সভায় মহাদেশীয় ফরম্যাটে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের এই প্রস্তাবে রাজি হয়েছে। তাতে আইসিসির এমন সিদ্ধান্তে অসন্তোষ এশিয়ান অঞ্চলের দেশ পাকিস্তান এবং ওশেনিয়ান অঞ্চলের দেশ নিউজিল্যান্ড।
অন্যদিকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নারী ক্রিকেটেও অংশ নেবে ছয় দল। কোন কোন দেশ খেলবে ২০২৮ অলিম্পিকে, তা আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে নিশ্চিত করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: