প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা
সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফররত বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আবারও মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে আজ নামছে টাইগাররা। জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। টি-স্পোর্টস এবং গাজী টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় ছিল না বাংলাদেশের। অধরা জয়ের লক্ষ্যে গত শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামেন তামিম ইকবালরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে তামিম, সাকিব এবং ইয়াসিরের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩১৪ রানের বিশাল স্কোর সংগ্রহ করে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। তাদের ইনিংস থেমেছে ২৭৭ রানে। তাতেই জয় নিশ্চিত হয় সফরকারীদের। এটা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম জয়। কাক্সিক্ষত জয়ের পর এবার সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। যদিও প্রোটিয়ারা চাইবে জয় নিয়ে সিরিজে সমতায় ফিরতে।
নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আর বলার উপেক্ষা রাখে না। কেননা ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপ রয়েছে তাদের। মাত্র কয়েকদিন আগেই রাবাদা-এনগিদি-জানসেনদের কাছে নাস্তাবুদ হয়ে দেশে ফিরেছে ভারত।
তবে তাতে ভয় পাচ্ছে না বাংলাদেশ দল। কেননা প্রথম ম্যাচে যেমন ভয়-ডরহীন ক্রিকেট খেলেছেন সাকিব-তামিম-ইয়াসিররা- সেই খেলাটা খেললেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে সক্ষম হবেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এজন্য অবশ্য সিনিয়র এবং জুনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ওয়ানডে পারফরম্যান্সে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুদলের মুখোমুখিতে বাংলাদেশের অনেক এগিয়ে প্রোটিয়ারা। এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে ২৩টি ম্যাচের মাঠে নেমেছে। যার ১৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চারটি ম্যাচে জয় এসেছে টাইগারদের পক্ষে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
পরিসংখ্যানে যাই বলুক না কেন, বর্তমান পারফরম্যান্সে অনেকটাই এগিয় থাকবে বাংলাদেশও। দুদলের মুখোমুখিতে শেষ দুই ম্যাচে জয় পেয়েছেন তামিম ইকবালরাই। সেঞ্চুরিয়নে মুখোমুখি হওয়ার আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নেমেছিল দুদল। সেই ম্যাচে শুরুতে খেলতে নেমে ৩৩০ রান করে টাইগাররা। জবাবে ৩০৯ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: