দেশে ফিরেই নেতাকর্মীদের যে বার্তা দিলেন বিএনপি নেতা কায়কোবাদ
ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির এই নেতা। শনিবার বেলা সাড়ে ১১টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। দেশে ফিরেই তিনি নেতাকর্মীদের বার্তা দিয়েছেন।
কায়কোবাদ বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে, আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার আজকে কি ভালো লাগছে- আমার বলার কোনো ভাষা নেই, আমি বুঝতে পারতেছি না কী বলব। আজকে আমি যারা আন্দোলনে শরিক হয়েছেন যারা আন্দোলনে শাহাদাতবরণ করেছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ- বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক এই দোয়া করি।
তিনি বলেন, আমি আজকে একটা বার্তা দিতে চাই- আমার নিজের ব্যক্তিগত বার্তা। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য যদি আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা- সেই ঘটনা আবারো ঘটতে পারে। যেমনিভাবে লগি বৈঠার ঘটনা ঘটেছিল তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে- যদি আমরা একত্রে না থাকি। আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানেন।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার। যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে-করবে উনারা সংস্কার করবেন। ড. ইউনূস সাহেব খুব ভালো মানুষ। আমরা সৌভাগ্যবান উনার মত একজনকে আমরা এই সরকারের প্রধান হিসেবে পেয়েছি এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবেন; এজন্য বুঝবেন- উনি মিথ্যা মামলার আসামি। উনি কোর্টে দাঁড়িয়ে হাজতের সম্মুখীন হয়েছেন। আমাদের মতোই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একজন বা দুজন এরকমটা হতে পারেন। আর বাকিরা কিন্তু বুঝবে না আমাদের অবস্থা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: