ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

১৭ জুন সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কাটছে না

8 June 2023, 1:15:17

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৭ জুন নির্ধারণ করা হয়েছে। গত মাসে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু জেলা সম্মেলনকে ঘিরে তোড়জোড় বা প্রস্তুতি দৃশ্যমান নয়। চাঁদপুরে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরাজমান থাকায় কেন্দ্র ঘোষিত তারিখে জেলা সম্মেলন হওয়া নিয়ে স্থানীয় নেতাকর্মীদের শঙ্কা কাটছে না।

এদিকে সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্র থেকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া চিঠির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এই চিঠি ইস্যু করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এই চিঠি আসার পর স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মাঝে কিছুটা উদ্দীপনা দেখা দেয়।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সম্মেলন করার মতো বাস্তব পরিস্থিতি নেই বলে নানা বিষয় তুলে ধরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছেন। চিঠির মাধ্যম করা হয় দলের সাধারণ সম্পাদককে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘জেলা আওয়ামী লীগের মোট নয়টি ইউনিট রয়েছে। তার মধ্যে সম্মেলন হয়েছে সাতটির। দুই উপজেলার সম্মেলন এখনো হয়নি। যে সাতটি ইউনিটে সম্মেলন হয়েছে, সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি এখনো জেলা কমিটির কাছে জমা দেয়নি। যার কারণে কাউন্সিলর ও ডেলিগেট কারা হবেন, কে ঠিক করবেন, তা প্রশ্নবোধক। বিতর্কিত ও প্রশ্নবোধক পরিস্থিতিতে আদৌ সম্মেলন করা সম্ভব কি না, তা আপনি (সভাপতি) বিবেচনা করবেন।’ চিঠিতে আরও উল্লেখ করা হয়, জেলা আওয়ামী লীগের মতামত না নিয়ে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে ১৭ জুন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী যুগান্তরকে বলেন, ২০১৬ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ যে সম্মেলন হয়, তখনও সম্মেলন না করা চারটি ইউনিটকে বাদ দিয়ে যদি জেলা সম্মেলন করা সম্ভব হয়, এবার কেন হবে না? তিনি বলেন, আসলে কারও কারও মাঝে নেতৃত্ব হারানোর ভয় রয়েছে বলেই কেউ কেউ চাচ্ছেন না নির্ধারিত তারিখে সম্মেলন হোক।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ নির্ধারিত তারিখে সম্মেলন না হওয়ার যৌক্তিক কারণগুলো চিঠি দিয়ে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করেছেন বলে যুগান্তরকে জানান।

চাঁদপুরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং বিভাজন এখন প্রকাশ্যে চলে এসেছে। দলীয় ও জাতীয় নানা কর্মসূচি এখন পৃথকভাবে পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীসহ সিনিয়র কজন নেতার নেতৃত্বে একটি গ্রুপ। আর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউছুফ গাজী ও ডা. জেআর ওয়াদুদ টিপুসহ সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে অপর গ্রুপ আলাদা হয়ে কাজ করছে। শুধু তাই নয়, জেলা সদরে দলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কোনো অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অংশ নিতে দেখা যায় না। চাঁদপুরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে প্রকাশ্যে এমন দ্বিধাবিভক্তিতে দলের সাধারণ নেতাকর্মীরাও রয়েছেন বিপাকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: