ইন্টারনেট
ADS

ভালো পারফর্ম না করলে মন্ত্রিসভা পরিবর্তন করবেন প্রধানমন্ত্রী

21 July 2026, 5:34:15

কোনো মন্ত্রী বা উপদেষ্টা যদি প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তবে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্গঠন বা পুনর্বণ্টন করবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, “ভালো পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে রদবদল আনা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।”

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, “প্রধানমন্ত্রী একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার যদি কখনো মনে হয়, কেউ প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে তিনি প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। কারণ সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো সিদ্ধান্ত আরো কার্যকরভাবে নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে তিনি সেই সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না।” তবে সম্ভাব্য পরিবর্তন ১৮০ দিনের আগে না পরে হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। সরকারের গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও নারীদের লক্ষ্য করে পরিচালিত সাইবার বুলিং রুখতে আইনজীবীদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠন করা হচ্ছে, যা নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদানে বিলম্বের কথা স্বীকার করে বলেন,“বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খুব শিগগিরই পাওনা ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হবে।”

এছাড়া যান চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি সরিয়ে অন্য একটি উপযুক্ত স্থানে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: