ইন্টারনেট
ADS

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

9 December 2025, 9:37:03

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ৮ খণ্ডে প্রকাশিত এ প্রতিবেদনে রয়েছে কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, রাজনৈতিক দল–জোটগুলোর মতামত, আলোচনার সারসংক্ষেপ, বিভিন্ন নথিপত্র এবং কমিশনের পরিচালিত জনমত জরিপের ফলাফল।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিবেদনটি সরকারের সংস্কার বিষয়ক ওয়েবসাইটে (reform.gov.bd) প্রকাশ করা হয়েছে।

একই ওয়েবসাইটে জাতীয় ঐকমত্য কমিশনের পাশাপাশি মোট ১১টি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও উন্মুক্ত করা হয়েছে।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের অক্টোবর থেকে বিভিন্ন সময়ে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। প্রথম ধাপের ছয় কমিশনের কার্যক্রম শেষ হওয়ার আগেই জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

অপর পাঁচ কমিশনের প্রধানরাও কমিশনের সদস্য হিসেবে যুক্ত হন। তবে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানগণ অপারগতা জানালে তাঁদের স্থলে দুই কমিশনের জ্যেষ্ঠ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কমিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। রাজনৈতিক দল, জোট এবং নাগরিক সমাজের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে ৩১ জুলাই চূড়ান্ত হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। পরে ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সনদটি স্বাক্ষরিত হয়।

সরকার ইতোমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে বলে জানানো হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: