ইন্টারনেট
ADS

ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ-গুলি, ১৪ পুলিশসহ নিহত অন্তত ৯৭

4 August 2024, 11:23:01

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাত আটটা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১৪ পুলিশ সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী, আন্দোলকারী শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৯৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে মুন্সীগঞ্জে ২ জন, রংপুরে ৪ জন, ফেনীতে ৭ জন, কিশোরগঞ্জে ৪ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ২ জন, সিলেটে ২ জন, বরিশালে ১ জন, সিরাজগঞ্জে ১৯ জন এবং জয়পুরহাটে ১ জন, ঢাকায় ৮ জন, কুমিল্লায় ৩ জন, নরসিংদীতে ৬ জন, হবিগঞ্জে ১ জন, লক্ষ্মীপুরে ১১ জন, সুনামগঞ্জে ১ জন, শেরপুরে ৪ ও ভোলায় ৩ জন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ নিহত ১৯:

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার বিকালে এ ঘটনা ঘটে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা-অগ্নিসংযোগ

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।

রায়গঞ্জে আ.লীগ নেতাকর্মী ও সাংবাদিকসহ নিহত ৬

এদিকে, জেলার রায়গঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস এবং সাধারণ সম্পাদক আল-আমিন সরকার নিহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া, এই উপজেলার ধর্মগাছা উইনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাত টিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ও স্থানীয় দৈনিক খবর পত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার মারা গেছেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান।

লক্ষ্মীপুরে নিহত ১১

আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে লক্ষ্মীপুরে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন প্রায় শতাধিক।

রবিবার বেলা সাড়ে ১১ থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাব্বির, মিরাজ ও কাওসার, আফনান পাটওয়ারী, হারুন মেম্বার, রিয়াজ পাটওয়ারী, আহমেদ শরীফ। অপর একজনের নাম জানা যায়নি।

এদের মধ্যে আফনান পাটওয়ারী নামে আন্দোলনকারী এক ছাত্র আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ অনেককেই জেলার বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় আ.লীগ নেতা ও শিক্ষার্থীসহ নিহত ৮

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা এবং দুইজন শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত আওয়ামী লীগ নেতার নাম আনোয়ারুল ইসলাম। ষাটোর্ধ্ব এই প্রকৌশলী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। সংঘর্ষের সময় উত্তরার রাজলক্ষ্মী এলাকার লতিফ এম্পোরিয়াম মার্কেটে তিনি আশ্রয় নেন। এ সময় বিক্ষোভকারীরা গিয়ে তার ওপর হামলা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তিনজনের লাশ ঢামেক হাসপাতাল থেকে বের করে কাঁধে নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় লাশগুলো কেন্দ্রীয় শহীদ মিনারে রাখেন তারা।

এছাড়া জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ সিদ্দিকী (২৩)। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

কারওয়ানবাজার এলাকায় সংঘর্ষে রমিজ উদ্দিন রূপ (২৪) নামের বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার বাড়ি রংপুরে। তার বাবার নাম মো. রাহেল। সূত্রঃ ঢাকা টাইমস

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: