ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিশেষ বৈঠক শেষে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

30 July 2024, 10:26:49

কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলার সময় কোন পরিস্থিতিতে সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যে ডিমান্ড ছিল, তার সব মেনে নেয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়েই কারফিউ জারি করে সরকার।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রীর দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকাসহ চার জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি জেলাগুলোতে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সিদ্ধান্ত নেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কবে থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলবেন, আর পর্যায়ক্রমে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।’

পরিপূর্ণভাবে ইন্টারনেট চালুর বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিদ্ধান্ত নেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

‘আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার চলছে তা প্রতিরোধে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্যবস্থা নেবেন। আর পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে ছিলেন না, পররাষ্ট্র সচিব (বৈঠকে) ছিলেন, তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক খবরটা যায় সেই ব্যবস্থা নেবেন।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী কারা আর কারা তাদের ব্যবহার করেছে তা নিয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৈঠকে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিব। এছাড়াও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র‌্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা আলোচনায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘাত-সহিংসতায় দেড়শ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে গণমাধ্যমে আসা খবরে নিহতের সংখ্যা দুই শতাধিক।

চলতি মাসের মাঝামাঝিতে এসে শিক্ষার্থীদের এ আন্দোলন সহিংস রূপ নিলে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। আর ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।— ঢাকাটাইমস

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: