ঢাকা-১৭ আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
ঢাকা-১৭ আসন উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ১২৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলে। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অংশ নেয়নি।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের ৭৮টি এলাকার ভোটগ্রহণের পরিস্থিতি সরাসরি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি কম। এটা খুবই স্বল্প সময়ের নির্বাচন; সংসদের মেয়াদ খুবই স্বল্প সময়ের, এটা একটা কারণ হতে পারে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।
নির্বাচনে আটজন প্রার্থী প্রতিযোগিতা করছেন। তারা হলেন—নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল মকাজী রাশিদুল হাসান,কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ডাব প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আকতার হোসেন ছড়ি প্রতীকে, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান সোনালী আঁশ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূইয়া ট্রাক প্রতীক, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত নিজের ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
হিরো আলম বলেন, এই নির্বাচনের শুরু থেকেই তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। তার এজেন্টদের সব কেন্দ্রেই নিয়োগ দেয়া হয়েছে। এভাবে নির্বাচন চললে তা সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সন্দেহের কথা বলেন তিনি।
অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভুঞা। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন।
এই আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় পুলিশ ও আনসারের সমন্বয়ে ২১ জনের ফোর্স নিয়োজিত রয়েছে।
এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র্যাবের ৬টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয়েছে ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
ঢাকা-১৭ আসন রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)গত ১৫ মে মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: