ইন্টারনেট
ADS

সংবিধান মেনে সুনির্দিষ্ট সময়ে আগামী নির্বাচন: প্রধানমন্ত্রী

21 June 2023, 1:20:40

দেশে আগাম নির্বাচন দেওয়ার মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট সময়ই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

কাতার ও সুইজারল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে বুধবার সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার বেলা ১২টা ১২ মিনিটে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক ধারা অনেক ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যায়। রক্ত দিয়েই আমরা গণতান্তিক ধারা অব্যাহত রেখেছি।’

আওয়ামী লীগকে যারা ভোট চোর বলে তাদের সমালোচনা করেন দলটির সভাপতি শেখ হাসিনা। বলেন, ‘দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করলাম আমাদেরই বলে ভোট চোর। যারা আমাদেরকে ভোট চোর বলে তারা ভোট ডাকাত।’

প্রধানমন্ত্রী গত ১৪ ও ১৫ জুন জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান করতে সুইজারল্যান্ড সফর করেন। ১৩ জুন চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী জেনেভা যান।

১৪ জুন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওইদিন বিকালে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্ল্যানারিতে ভাষণ দেন।

ওইদিনই শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আইএলও সদর দপ্তরে ডিজি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন।

১৫ জুন প্রধানমন্ত্রী ডব্লিউইএফ কার্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পর ‘এ টক এট দ্য ডব্লিউইএফে যোগদান করেন। সেখানে তিনি ডব্লিউইএফ আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। ওইদিন সন্ধ্যায় ডব্লিউটিওর মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি একটি সামাজিক সংবর্ধনায়ও যোগ দেন।

জেনেভা সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১৭ জুন রাত ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আর এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দিতে গত ২৩ থেকে ২৫ মে দোহা সফর করেন। সফর শেষে ২৫ দেশে ফিরেন তিনি।

সফরকালে শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গেও তিনি বৈঠক করেন।

এছাড়া কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ, সৌদি অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আলিব্রাহিম একসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি দোহায় কাতার ফাউন্ডেশনের অধীন পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: