ইন্টারনেট
ADS

অবিতরণকৃত স্মার্ট কার্ড দ্রুত বিতরণের ব্যবস্থা গ্রহণ করছে ইসি

18 February 2023, 6:46:31

২০১৬ সালে প্রথম নাগরিকদের হাতে ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড তুলে দেয় নির্বাচন কমিশন। দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এখন পর্যন্ত সাত কোটি স্মার্ট কার্ড ছাপানো হলেও দেশে পাঁচ কোটির মতো নাগরিকের হাতে এই কার্ড তুলে দিতে সক্ষম হয়েছে ইসি। অর্ধেকের বেশি নাগরিক এখনও স্মার্ট আইডি কার্ড পায়নি। ২০২৫ সাল নাগাদ সকল নাগরিককে স্মার্ট কার্ড পৌঁছে দেয়ার লক্ষে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে অবিতরণকৃত স্মার্ট কার্ড দ্রুত বিতরণের ব্যবস্থা গ্রহণ করবে ইসি। সম্প্রতি অনুষ্ঠিত এ সংক্রান্ত মাসিক সমন্বয় সভাতে আলোচনার পর সিদ্ধান্তটি এসেছে।

ইসির এক কর্মকর্তা জানান, ক্রাশ প্রোগ্রামের আলাদা কোনো পরিকল্পনা নেই। যেসব এলাকায় স্মার্ট আইডি কার্ড(জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হয়েছে, সেসব এলাকায় যেসব স্মার্ট আইডি কার্ড অবিতরণকৃত রয়েছে সেসব এলাকায় দ্রুত বিতরণ করতে হবে।এর জন্য আলাদা কোনো পরিকল্পনা বা বরাদ্দ থাকে না।কোনো কোনো সময় আমার তা সংশিষ্ট নির্বাচন আফিস অথবা ওয়ার্ড কাউন্সিলরের আফিস থেকে বিতরণ করা হয়ে থাকে। এক্ষেত্রে তেমন কোনো নির্দেশনা দেওয়া হয় না, শুধু মাত্র একটি চিঠি প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, ডিজি স্যারের (মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ) বিশেষ নির্দেশনা রয়েছে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে অবিতরণকৃত স্মার্ট কার্ড দ্রুত বিতরণের ব্যবস্থা করতে হবে।বিশেষ করে সেসব এলাকায় যেসব এলাকয় কমিশনের রোডম্যাপ অনুযায়ী ইভিএম এ ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।
এনআইডি সংশোধন করলে নতুন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেতে কত সময় লাগতে পারে?জানতে চাইলে সংশ্লিষ্ঠ কর্মকর্তা জানান,আপাতত যারা সংশোধন করেছে ওনাদের লেমিনেটেড এনআইডি ব্যবহার করতে হবে।

অবিতরণকৃত সকল স্মার্ট এনআইডি কবে নাগাদ নাগরিকদের হাতে পৌঁছাতে পারে জানতে চাইলে তিনি জানান,আমরা আশা করছি আগামী মে মাসের মধ্যে অবিতরণকৃত সকল স্মার্ট এনআইডি নাগরিকদের হাতে তুলে দিতে পারবে ইসি। ওই সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানান যে, গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ ভোটার তালিকার হালনাগাদের খসড়া প্রকাশ করা হয়েছে। রিভাইজিং অথরিটি বরাবর দাখিলকৃত আবেদনসমূহের যাচাই-বাছাই ও শুনানী কার্যক্রম চলমান রয়েছে। তিনি আইন ও বিধি মোতাবেক ফি গ্রহণকরতঃ ভোটার তালিকার প্রত্যয়িত কপি প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি জানান ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে অবিতরণকৃত স্মার্ট কার্ডসমূহ বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কমিশনের রোডম্যাপ অনুযায়ী ইভিএম এ ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে এমন নির্বাচনি এলাকায় দ্রুত স্মার্ট কার্ড বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও জানান যে, বর্তমানে ০২টি মেশিন দিয়ে দৈনিক ২০,০০০ (বিশ) হাজার স্মার্ট কার্ড মুদ্রণ হচ্ছে। দ্রুততম সময়ে কার্ড প্রিন্টের লক্ষ্যে এনআইডি কার্ড পারসোনালাইজেশন সেন্টার দ্রুত স্থানান্তর করা প্রয়োজন।

ইসির তথ্য অনুযায়ী, ২০১১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকা প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৬৯৬৬৩.৫৭ লাখ টাকা। এর মধ্যে জিওবি ছিল ৮৯৮৫৯.৫০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৭৯৮০৪.০৭ লাখ টাকা। প্রকল্প নেওয়ার প্রায় চার বছর পর ২০১৫ সালে স্মার্টকার্ড উৎপাদন-বিতরণের জন্য ওবারথার টেকনোলজিসের সঙ্গে চুক্তি হলেও স্মার্টকার্ড বিতরণ শুরু হয় ২০১৬ সালের ৩ অক্টোবর থেকে। ২০১৮ সালে ফেব্রুয়ারিতে বিশ্বব্যাংকের সঙ্গে এই বিষয়ে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। পরে সরকারি তহবিল থেকে এই প্রকল্পের ব্যয় মেটানো হয়। এরই মধ্যে ২০২০ সালের ২৪ নভেম্বর আইডিয়া-২ প্রকল্প একনেকে পাস হয়। সরকারি অর্থায়নে প্রকল্পটির ব্যয় ধরা হয় ১ হাজার ৮০৫ কোটি টাকা। এর মেয়াদকাল ধরা হয় ডিসেম্বর ২০২০ থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত। এই প্রকল্পের অধীনে ৩ কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে ৪৮০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে। এখনো নতুন স্মার্টকার্ড হাতে পায়নি কমিশন। তবে এই ৩ কোটি কার্ডের জন্য সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: