র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম র্যাব ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে ঢাকার পক্ষে আহব্বান জানিয়েছেন। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। শনিবার (৮ অক্টোবর) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এলডিসি সম্পর্কিত বিষয়ে ডব্লিউটিও-তে মার্কিন সহায়তা কামনা করেছেন। যাতে করে বাংলাদেশের মতো দেশগুলো একটি সুষ্ঠু এবং টেকসই এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করতে পারে। তিনি জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশ সরকারের ইচ্ছা ব্যক্ত করেন।
এতে বলা হয়, আসন্ন ২৭তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ২৭) এ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে একটি কর্মমুখী আলোচনার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অবিলম্বে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া বৈঠকে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং অভিন্ন বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বিষয়টি বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বহিঃসমর্পন চুক্তি সম্পাদনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ৮৮ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ সরবরাহ করায় মার্কিন সরকারকে ধন্যবাদ জানিয়ে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা দিয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার তিনি প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বিশ্বের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশের এলিট ফোর্স র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: