ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতায় সূচনা হবে নতুন যুগের

4 September 2022, 11:16:47

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে অত্যন্ত ইতিবাচক ফলাফল দেবে। প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার নতুন যুগের সূচনা করবে। তাৎপর্যপূর্ণ এই সফর ঘিরে দুদেশের সাবেক পররাষ্ট্র সচিব আর বিশেষজ্ঞরা এমনটাই প্রত্যাশা করছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। পাশাপাশি তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর ভারত সফরে তাঁর সঙ্গে থাকবেন।

সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ৬৬০ মেগাওয়াট রামপাল পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটের উদ্বোধন করবেন। এছাড়া ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে ভাষণসহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে উভয় দেশের সাবেক কূটনীতিক, ব্যবসায়ী ও সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলছেন, এই সফর দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতাকে জোরদার করবে। এছাড়া ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করবে।

কূটনীতিকরা বলছেন, উভয় প্রধানমন্ত্রী তাদের বৈঠকে যোগাযোগ, বাণিজ্য,পানি বন্টন থেকে শুরু করে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয়গুলো আলোচনা করবেন। এই সফর দুই দেশের মধ্যে অনেক সমস্যা সমাধানে সাহায্য করবে। অতীতের যেকোনো সময়ের তুলনায় ভারত ও বাংলাদেশকে অনেক কাছাকাছি নিয়ে আসবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘এই সফরের বিষয়ে আমি খুব আশাবাদী। এটি এমন এক সময়ে হচ্ছে যখন বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে। দুই প্রধানমন্ত্রীর বৈঠক দেশীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে। তাই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর হবে।’

তিনি বলেন, ‘বৈঠকে দুই প্রধানমন্ত্রী পানি সম্পদ ব্যবস্থাপনা, সংযোগ, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সরবরাহ চেইন, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী এবং অবশ্যই বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন।’

বর্তমানে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারে অধিষ্ঠিত শহীদুল হক মনে করেন, ‘এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর দুই নেতার আলোচনা দুই প্রতিবেশির মধ্যে সহযোগিতা বাড়াতে অনুপ্রেরণা যোগাবে।’

সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) চূড়ান্তকরণের বিষয়ে জানতে চাইলে সাবেক এ পররাষ্ট্র সচিব বলেন, ‘একবার এটি স্বাক্ষরিত হলে এটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে আরও অনেকাংশে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর অত্যন্ত সফল হবে বলে মনে করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এই সফরের ফলাফল সম্পর্কে উচ্চ আশা প্রকাশ করে তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করবে।’

সিইপিএ সাক্ষরের বিষয়ে শ্রিংলা বলেন, ‘যদি এটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়, তাহলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় ১.৫ শতাংশ বাড়তে পারে। আর এই পদক্ষেপের ফলে ভারতও অনেক সুবিধা পাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দেশটির বিনিয়োগকারীদের নতুন করে উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।

তিনি বলেন, ‘শেখ হাসিনার ভারত সফর ইতোমধ্যে ক্রমবর্ধমান বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কের গতিকে আরও বাড়িয়ে দেবে। বছরের পর বছর ধরে ক্রমাগত বৃদ্ধি এই সম্পর্ক ২০২১-২২ সালে করোনাভাইরাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ১৮ বিলিয়ন ডলারের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে।’

তিনি বলেন, ‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চলগুলো চালু হলে বাংলাদেশে আরও বেশি ভারতীয় বিনিয়োগ আসবে। এছাড়া এলডিসি অবস্থা থেকে উত্তরণের এই সময় দুই দেশের মধ্যে সিইপিএ চুক্তিটি অগ্রাধিকারমূলক বাণিজ্য অব্যাহত রাখার জন্য একটি ভিত্তি প্রদান করবে বলে আশা করছি।’

সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এস ভেঙ্কট নারায়ণ বলেছেন, ‘ভারতের জনগণ শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ তাকে দেশের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। শেখ হাসিনার ভারত সফরে একটি বড় সাফল্য আসবে।

দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে এই প্রবীন সাংবাদিক বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গ সরকারের উচিত শিগগিরই চুক্তিটি স্বাক্ষরের ক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহার করা।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফর করেন। এরপর দীর্ঘ তিন বছরের ব্যবধানে ভারতে এবার এই রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশের সরকারপ্রধান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: