বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং আরো বেশি ব্যয় সাশ্রয়ী ও অভিঘাত সহনশীল করার লক্ষ্যে ১২ কোটি ৯০ লাখ টাকা (১.৫ মিলিয়ন ডলার) কারিগরি সহায়তা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পাওয়ার সেলকে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) এ সহায়তা দিয়েছে।
ইউএসটিডিএ-এর দিক থেকে এই অনুদান আমরা যে ধরনের জলবায়ু-স্মার্ট অবকাঠামো প্রকল্পগুলোকে সহায়তা করতে চাই তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ উল্লেখ করে ইউএসটিডিএ-এর ভারপ্রাপ্ত পরিচালক রাষ্ট্রদূত (অব.) ভিনাই থুম্মালাপাল্লি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড বা জ্বালানি ব্যবস্থাপনা একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে। ফলে বৈদ্যুতিক গ্রিড আরো দক্ষ ও গতিশীল হবে এবং নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলোর একত্রীকরণের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
ইউএসটিডিএ-এর সহায়তা স্মার্ট গ্রিড প্রযুক্তি ব্যবহার করে আগামী দশ বছরে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনার লক্ষ্যে বিনিয়োগ ও বাস্তবায়নের বিস্তারিত পথনির্দেশনা তৈরিতে সহায়তা করবে। ম্যাসাচুসেটস-ভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।
একটি স্মার্ট গ্রিড দ্বারা আনা দ্বি-মুখী যোগাযোগ পদ্ধতি আমাদের আরো দক্ষতার সাথে শক্তি তৈরি এবং ব্যবহার করার সুযোগ করে দেবে ৷ তাই একটি স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা একটি অবকাঠামোগত উন্নয়নের মতোই সমান গুরুত্বপূর্ণ যা যে কোনো সেতু বা ফ্লাইওভারের মতোই তাৎপর্যপূর্ণ- বলেছেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।
তিনি আরো বলেন, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে জলবায়ু-স্মার্ট অবকাঠামোর লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে ইউএসটিডিএ-এর বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে যা উদীয়মান বাজারে ক্লিন বা পরিচ্ছন্ন পরিবহন ও জ্বালানি অবকাঠামো প্রকল্পগুলোর সাথে যুক্তরাষ্ট্রের শিল্পকে সংযুক্ত করবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: