ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

খায়রুজ্জামানকে ফেরালে পুনরুজ্জীবিত হতে পারে জেলহত্যা মামলা

10 February 2022, 6:56:36

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাকে দেশে ফেরানোর পর জেল হত্যা মামলা পুনরুজ্জীবিত করার বিষয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মালয়েশিয়ায় এক যুগের বেশি সময় ধরে শরণার্থী হিসেবে বসবাস করে আসা সাবেক সেনা কর্মকর্তা খায়রুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ার আমপাং সেলাঙ্গর এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দেশটির পুলিশ খায়রুজ্জামানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মালয়েশিয়ার ডিপোর্টেশন বিভাগের হেফাজতে রাখা হয়েছে দেশটির সংসবাদমাধ্যম স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।

খায়রুজ্জামানের বিষয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মালয়েশিয়া থেকে খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফেরাতে সরকার কাজ করছে।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে শাহরিয়ার বলেন, ‘তাকে দেশে ফেরানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেবেন, মামলাটি (জেল হত্যা) কোন পর্যায় থেকে, হয়ত বা জিজ্ঞাসাবাদ করা হবে, অথবা আবার মামলাটি কীভাবে পুনরুজ্জীবিত করা হবে বা পরবর্তীতে পদক্ষেপ কী হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে বাংলাদেশ হাই কমিশনকে বুধবারই চিঠি দিয়ে জানায়, ‘অভিবাসন সংক্রান্ত আইন লংঘনের’ জন্য খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

চার দলীয় জোট সরকারের সময় কূটনেতিক দায়িত্ব পালন করেছিলেন খায়রুজ্জামান। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিচারের মুখোমুখি হওয়ার জন্য তাকে দেশে ফিরতে বলা হয়েছিল। কিন্তু জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড নিয়ে তিনি মালয়েশিয়ায় থেকে যান।

বুধবার তাকে গ্রেপ্তারের পর মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জাইনুদিন দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টারকে বলেন, ‘তার (খায়রুজ্জামান) বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তার দেশের একটি অনুরোধ রয়েছে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: