১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন
আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। অর্ধেক আসনে খোলা যাবে পর্যটন, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার ওই প্রজ্ঞাপনে করোনাভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে।
এতে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে।
পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে।
সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃ প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে গণপরিবহনসহ শপিং মল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে সব আসনে যাত্রী নিয়ে অর্ধেক সংখ্যক বাস চলাচলের নির্দেশনা ছিল। কিন্তু প্রজ্ঞাপনে ১৯ তারিখ থেকে পুরোদমে গণপরিবহন চলাচলের নির্দেশনা এলো।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: