ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন নামঞ্জুর

5 September 2025, 11:07:15

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে, দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

আদালতে আসামিদের পক্ষের জামিন আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এর বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৯ আগস্ট এই মামলায় লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামিরা হলেন: কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে এবং জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া।

প্রস্তুতির অংশ হিসেবে গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যে একদল ব্যক্তি হট্টগোল শুরু করে, স্লোগান দিয়ে সভাস্থলে প্রবেশ করে এবং অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে কয়েকজনকে লাঞ্ছিত করে। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়া কিছু ব্যক্তিকে অবরুদ্ধ রাখেন। পরে অতিথিদের অনেককে বের করা হলেও আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করা হয়।

পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এই ঘটনার পর শাহবাগ থানায় এসআই আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: