- দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন গোবিন্দ
- বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, ফাইনালের টিকিট কার হাতে?
- সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- সব পার্ক ও খেলার মাঠ হবে দখলমুক্ত: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
- এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
- রাতে ফোন ব্যবহারের সময় ‘ডার্ক মোড’ অন করা চোখের জন্য কতটা নিরাপদ?
টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আর বিভিন্ন জেলায় উজানের ঢলে দেখা দিয়েছে বন্যা। এতে পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে পানিবাহিত ও সংক্রামক বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে তারা ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, চর্মরোগ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই), হেপাটাইটিস এ ও ই-সহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআরের সাবেক উপদেষ্টা ডা. মুশতাক হোসেনের ভাষ্য, বন্যা ও জলাবদ্ধতার সময় স্বাস্থ্যঝুঁকি মূলত দুটি কারণে তৈরি হয়। প্রথমত, বিশুদ্ধ পানি, নিরাপদ খাদ্য ও স্যানিটেশন ব্যবস্থার সংকট দেখা দেয়। চারদিকে পানি থাকলেও তা পানযোগ্য না হওয়ায় দূষিত খাবার ও পানির মাধ্যমে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
ডায়রিয়া মূলত দূষিত পানি ও খাদ্য গ্রহণের কারণে হয়। এতে শরীর থেকে দ্রুত পানি ও প্রয়োজনীয় খনিজ লবণ বেরিয়ে যায়, ফলে রোগী মারাত্মক পানিশূন্যতায় ভুগতে পারেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ রোগ প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
অন্যদিকে কলেরা ডায়রিয়াজনিত একটি সংক্রামক রোগ, যা নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। তীব্র ডায়রিয়ার পাশাপাশি বারবার বমি, অতিরিক্ত তৃষ্ণা, দুর্বলতা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং রক্তচাপ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় কিডনির জটিলতা বা শকের ঝুঁকিও তৈরি হয়।
ডা. মুশতাক হোসেন বলেন, রোগের কারণ আলাদা হলেও ডায়রিয়া ও কলেরা—উভয় ক্ষেত্রেই সবচেয়ে জরুরি বিষয় হলো শরীরের পানিশূন্যতা প্রতিরোধ করা। এজন্য দ্রুত ওরস্যালাইন খাওয়ানো, নিরাপদ পানি পান করানো এবং গুরুতর লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আরও পড়ুন
বর্ষায় বাগানের যত্নে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
বর্ষায় বাগানের যত্নে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
তার মতে, দ্বিতীয় ধরনের ঝুঁকি আসে জলাবদ্ধতা ও বন্যার পরিবেশগত প্রভাব থেকে। এ সময় পানিতে ডুবে দুর্ঘটনা, সাপের কামড় কিংবা জলাবদ্ধ পানিতে থাকা কাচ, টিন বা ধারালো বস্তুতে পা কেটে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞরা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পরও ঝুঁকি পুরোপুরি শেষ হয় না। এ সময় টাইফয়েড এবং হেপাটাইটিস এ ও ই-এর মতো পানিবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। টাইফয়েডের জটিলতায় অন্ত্রে রক্তক্ষরণ, অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া, হেপাটাইটিস, পিত্তথলির প্রদাহ এমনকি মৃত্যুও ঘটতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়। এদের বড় অংশই শিশু।
হেপাটাইটিস এ ও ই সাধারণত অন্যান্য হেপাটাইটিসের তুলনায় কম জটিল হলেও গর্ভবতী নারীদের জন্য হেপাটাইটিস ই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিরাপদ পানির ব্যবহার, খাবার প্রস্তুত এবং দৈনন্দিন কাজে বিশুদ্ধ পানি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া দীর্ঘ সময় স্যাঁতসেঁতে পরিবেশ বা আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকার কারণে স্ক্যাবিসসহ বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়তে পারে। সময়মতো চিকিৎসা না হলে এসব সংক্রমণ থেকে কিডনির জটিলতাও দেখা দিতে পারে। পাশাপাশি শিশু ও বয়স্কদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, হাঁপানি ও শ্বাসকষ্টের ঝুঁকিও বেড়ে যায়।
বন্যাকবলিত এলাকায় নারী-পুরুষ উভয়েই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে (ইউটিআই) আক্রান্ত হতে পারেন, যদিও নারীদের ঝুঁকি তুলনামূলক বেশি। এছাড়া মানুষ ও গবাদিপশু একই আশ্রয়কেন্দ্রে অবস্থান করলে অ্যানথ্রাক্সের মতো প্রাণিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে।
বিশেষজ্ঞদের মতে, শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং ডায়াবেটিস, হৃদরোগ বা হাঁপানির মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। জ্বর, ডায়রিয়া, পেশিব্যথা বা অন্য কোনো গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপদ টয়লেট ব্যবহার, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজন ছাড়া জলাবদ্ধ পানিতে না নামার আহ্বান জানিয়েছেন তারা। যদি পানিতে নামতেই হয়, তাহলে পরে সাবান-পানি দিয়ে ভালোভাবে শরীর পরিষ্কার করে শুকনো ও পরিষ্কার পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: