ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

৬০ দিনের ব্যবধানে ৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে নিত্যপণ্যের দাম

25 February 2023, 10:27:15

বাজারে ক্রমাগত বেড়েই বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম।গত দুই মাসের ব্যবধানে শুধু নিত্যপণ্য নয়, বেড়েছে বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও এলপি গ্যাসের দামও। এতে বিদ্যুৎ ও গ্যাস নির্ভর নিত্যপণ্যের দামও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুই মাসের ব্যবধানে ৮ থেকে ৮৭ শতাংশ বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম।

নিত্যপণ্যের দাম কোনভাবেই লাগালের কাছে আসছে না। এছাড়া বিগত দুই মাসের ব্যবধানে শুধু নিত্যপণ্য নয়, বেড়েছে বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও এলপি গ্যাসের দামও। এতে বিদ্যুৎ ও গ্যাস নির্ভর নিত্যপণ্যের দামও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুই মাসের ব্যবধানে ৮ থেকে ৮৭ শতাংশ বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিচ্ছে মূল্যস্ফীতি, যা বেশ চাপ সৃষ্টি করছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের দৈনন্দিন জীবনে। এমন পরিস্থিতিতে বাজার তদারকি জোরদার করার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি বিপণন সংস্থা টিসিবি এবং খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, ব্যাংকে এলসি খোলা নিয়ে জটিলতা-এ ধরনের নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ ধরনের সিন্ডিকেটের হাতেই জিম্মি সাধারণ ক্রেতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র তথ্য অনুসারে, বিদায়ী বছরের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৫২ শতাংশ, যা চলতি বছরের জানুয়ারিতে ৮.৫৭ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে পণ্যের দাম বাড়ার গতি কমেছে ০.৯৫ শতাংশ। তবে বাজার পরিস্থিতি এবং গত জানুয়ারি মাসে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় মূল্যস্ফীতি কমবে না বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা। তবে কেউ কেউ মনে করছেন তা আরও বাড়তে পারে। মূল্যস্ফীতি মূলত কোনো পণ্য বা দ্রব্যের দাম বাড়ার গতির হিসাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থবছরকে ভিত্তি বছর ধরে ৪২২টি নিত্যপণ্যের ওপর ভিত্তি করে এই হিসাব করে থাকে।

বাজারে প্রতি সপ্তাহের ব্যাবধানে জিনিসের দামে আসছে পরিবর্তন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দুই মাসের ব্যবধানে কেজিতে ৫৭ শতাংশ দাম বেড়ে এখন ২২০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালি মুরগির দাম ২৮ শতাংশ বেড়ে প্রতি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গত ২২ ডিসেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন ছিল ১১৫ থেকে ১২০ টাকা, দুই মাসে ২২ শতাংশ দাম বেড়ে এখন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা চীনা আদার দাম ৮৭ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকায়।

দামে পরিবর্তন এসেছে সবজিতেও। দুই মাসের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে রসুনের দাম ৫০ শতাংশের বেশি বেড়ে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দুই মাস আগে আমদানি করা রসুন প্রতি কেজি বিক্রি হয় ১২০ থেকে ১৩০ টাকায়। দুই মাসের ব্যবধানে দেশি রসুনের দাম ৭১ শতাংশ বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।খোলা চিনি ১০ শতাংশ দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। চিকন মসুর ডাল কেজিতে ৮ শতাংশ দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। টিসিবির বাজারদরের তথ্যে দেখা গেছে, আমদানি করা রসুনে গত এক বছরে ৬২ শতাংশ দাম বেড়েছে। গত মাসে ১৪০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া আমদানি করা রসুন এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৯০ টাকায়। এক বছরে দেশি রসুনের দাম ২০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। দেশি রসুন প্রতি কেজি এখন ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এখানেই সীমাবদ্ধ নেই, গত এক বছরে ১৪৭ শতাংশ বেড়েছে আমদানি করা আদার দাম। এখন তা সর্বোচ্চ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক মাস আগেও তা ছিল ২০০ থেকে ২৫০ টাকা। টিসিবির তথ্যে জানানো হয়, গত এক বছরে ফার্মের মুরগির ডিমের দাম ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। এখন হালি বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকায়।বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমার কোনো সুযোগ নেই। ‘গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার ফলে উৎপাদন খাতে এক ধরনের প্রভাব পড়বে। তা ছাড়া শীতকালীন সবজির সরবরাহ কম হবে। নতুন ধান আসতে আরো তিন-চার মাস। সব মিলিয়ে এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমার কোনো কারণ দেখছি না।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান গণমাধ্যমকে জানান, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোক্তারা খুব কষ্টে আছে। সাধারণ মানুষের জীবনমানে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে জোরালো চেষ্টা করতে হবেবিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, যেহেতু গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে তাই বাজারে এর একটা প্রভাব রয়েছে। এছাড়াও নতুন করে এক মাসেই দুইবার বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। এতে মূল্যস্ফীতি বাড়বে এটাই স্বাভাবিক।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান জানান, ‘বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলমান রয়েছে। রমজান উপলক্ষে আগামী রোববার টিসিবির অডিটরিয়ামে আমদানিকারকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে বড় পরিসরে একটি সভার আয়োজন করা হয়েছে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: