ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

রমজানে সাশ্রয়ী মূল্যে ছয়টি পণ্য পাবে এক কোটি মানুষ

20 February 2022, 5:50:17

রমজান মাসকে সামনে রেখে দেশের এক কোটি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ছয়টি খাদ্যসামগ্রী টিসিবির মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেছে সরকার। পণ্যগুলো হলো পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা।

রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক-সেলে বিক্রয় অব্যাহত রেখেছে। আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে ছয়টি খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘রমজানের মধ্যে আমাদের পরিকল্পনা ছিল ৫০ লাখ লোককে সাশ্রয়ীমূলে খাদ্যসামগ্রী দেব, যারা আড়াই হাজার করে সরকারের টাকা পেয়েছিল তাদেরকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫০ লাখ নয় এক কোটি মানুষকে দিতে। তাই এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হবে। প্রতি ১৫ দিন অন্তর অন্তর এক মাসে দুইবার করে দেওয়া হবে।’

কৃষকদের স্বার্থেই পেঁয়াজের দাম বেশি জানিয়ে মন্ত্রী বলেন, ‘তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হলেও দাম না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিলে সংকট আরও বেশি হতো।’

টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পণ্যের ওপর এর প্রভাব পড়ছে। আসন্ন পবিত্র রমজান মাসে দেশের এক কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যে চারশ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে প্রয়োজন হলে তা বাড়িয়ে আটশ করা হবে। রমজানে টিসিবির পণ্য দুইটা বাড়িয়ে ছয়টা দেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার ১০-১৫ দিন পর্যবেক্ষণ করে তারপর দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজার দাম বাড়ার সঙ্গে সমন্বয় না করলে ব্যবসায়ীরা ইমপোর্ট করবে না, তখন আরও বড় সমস্যা দেখা দেবে। সরকার এখন যেটা পারে তা হলো ভর্তুকি দিতে। তা তো সরকার করছে।’

ব্যবসায়ীরা আমদানি না করলে সরকার আমদানির উদ্যোগ গ্রহণ করবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘সরকারতো ব্যবসা করে না, ব্যবসা করে ব্যবসায়ীরা। ভুক্তাধিকারসহ যেসব এজেন্সি আছে আমাদের দায়িত্ব বাজার মনিটরিং করার।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: