টেকনাফে বিজিবির অভিযানে মিয়ানমারের দুই নাগরিকসহ আটক ৪
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও জালিয়ারদ্বীপ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ৯৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পৃথক আরেক অভিযানে আরও ১২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
শনিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটকরা হলেন—মিয়ানমারের মংডুর মো. ইব্রাহিম (১৮) ও মো. জুনায়েদ (১৫) এবং টেকনাফের কেরুনতলীর আব্দুর রাজ্জাক (২০) ও কক্সবাজারের রোমালিয়ারছড়ার মো. আরিফ (২৫)।
তিনি জানান, গত শুক্রবার রাত থেকে পরদিন রাত পর্যন্ত টানা ১৬ ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও চৌকস টহল টিমের সমন্বয়ে ভোর ৪টার দিকে মিয়ানমার দিক থেকে নাফ নদী সাঁতরে আসা দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। নৌ টহল জোরদার করে জালিয়ারদ্বীপ সংলগ্ন নদীপথ থেকে ৪৪ হাজার ইয়াবাসহ মো. ইব্রাহিমকে আটক করা হয়।
পরে কেওড়া বাগানে লুকিয়ে থাকা জুনায়েদকে চিরুনি অভিযানের মাধ্যমে আটক করা হয়। একই স্থানে আরও এক পাচারকারী আব্দুর রাজ্জাককেও গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সন্ধ্যায় জালিয়ারদ্বীপের কেওড়া বাগানের নিচে পুঁতে রাখা আরও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি। রাত ৮টায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
এ ছাড়া একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে মোটরসাইকেল তল্লাশিতে ১২০ পিস ইয়াবাসহ মো. আরিফকে আটক করে বিজিবির টহল দল।
বিজিবি অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এই মাদকের অর্থ আঞ্চলিক সংঘাত, চোরাচালান ও অস্থিতিশীলতা বাড়ায়। সীমান্তকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ কঠোরতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি। টেকনাফের এক ইঞ্চি জায়গাও মাদক বা অপরাধীদের জন্য নিরাপদ নয়।
তিনি আরও জানান, তদন্তে মাদকচক্রের মূল হোতা মো. জয়নাল ও মো. রফিকের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের আটকেও অভিযান চলছে।
উল্লেখ্য, জানুয়ারি থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে ১২৩ জনকে আটক, মানবপাচারের শিকার ২৮৫ জনকে উদ্ধার এবং প্রায় ১৭ কোটি ৪১ লাখ টাকার মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৫১ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা, ২.৯৪৬ কেজি আইস, ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৬৯টি হাতবোমা উদ্ধার করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: