ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

`বিভাগ চাই’ স্লোগানে ফের কাঁপল কুমিল্লা, পূবালী চত্বরে জনসমুদ্র

19 October 2025, 5:28:41

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবার গর্জে উঠল কুমিল্লা। নানা শ্রেণি-পেশা ও সব বয়সী মানুষের বিপুল সমাগমে নগরীর পূবালী চত্বরে আয়োজিত মহাসমাবেশটি পরিণত হয় জনসমুদ্রে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে এমনই দৃশ্য দেখা যায় পূবালী চত্বরে। বেলা তিনটা থেকে নগরীসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে দলে দলে মানুষ সমাবেশস্থলে সমাগম হতে থাকেন। চারদিক থেকে “বিভাগ বিভাগ বিভাগ চাই, কুমিল্লা নামে বিভাগ চাই” স্লোগানে মুখর হয়ে ওঠে নগরী।

সমাবেশে কুমিল্লার বিভিন্ন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কুমিল্লা ব্যবসায়িক সমিতির অন্তর্গত ৭২টি সংগঠন সমাবেশের প্রতি সংহতি জানিয়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তাদের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মসূচিতে যোগ দেয়।

দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন বিভাগ বাস্তবায়ন কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তব্যে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের ধারক কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। আমাদের দাবি ন্যায্য, এটা সরকারকে মানতেই হবে।’

ইউসুফ মোল্লা টিপু অভিযোগ করে বলেন, ‘যে খুনি হাসিনার কারণে আমরা বিভাগ থেকে বঞ্চিত, সেই ফ্যাসিস্টের দোসররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু কুমিল্লার মানুষ তা হতে দেবে না।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘কুমিল্লা বিভাগ কোনো নতুন দাবি নয়, এটি বহু বছরের দাবির প্রতিফলন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর সব জেলা কুমিল্লার নামে বিভাগ চায়। শুধু নোয়াখালী কিছুটা ভিন্নমত দিয়েছে। তবে নোয়াখালীর বহু মানুষও মনের গভীরে কুমিল্লাকে বিভাগ হিসেবে স্বীকৃতি দিতে চান।’

যারা কুমিল্লাকে বিভাগ দেয়নি, ইতিহাস তাদের ক্ষমা করেনি- এমন মন্তব্য করে আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘তারা জঙ্গল দিয়ে পালাতে বাধ্য হয়েছে। তরুণ প্রজন্ম ‘জেন-জি’ যত দিন থাকবে, কেউ কুমিল্লাকে পিছিয়ে দিতে পারবে না। সরকার এখনই সময় বুঝে বিভাগ ঘোষণা দিক, নইলে জনগণ নিজেরাই চিঠিপত্রে কুমিল্লা জেলার পাশাপাশি লিখে দেবে কুমিল্লা বিভাগ।’

মহানগর জামায়াতে ইসলামী আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘কথা এক, দাবি এক, কুমিল্লা নামে বিভাগ চাই। বছরের পর বছর কুমিল্লা বিভাগ নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমরা এবার আর কোনো টালবাহানা মেনে নেব না। শান্তিপূর্ণ উপায়ে এই দাবি আদায় হবেই।’

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমীরুজ্জামান আমীর, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির এমদাদুল হক মামুন, এবি পার্টির গোলাম সামদানি এবং কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, নোয়াখালীর বিরুদ্ধে কোনো বিদ্বেষ নয়, তারা তাদের মতো দাবি করুক। কিন্তু কুমিল্লার শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার যেন দুর্বলতা মনে না করে। এটাই গণমানুষের দাবি। দেরি না করে দ্রুত কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ শেষে পুরো পূবালী চত্বর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। কুমিল্লা বিভাগের দাবিতে এমন গণজোয়ার কুমিল্লাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সবার দাবি একটিই- কুমিল্লা নামে বিভাগ চাই।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: