ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

জামায়াতের সমাবেশে যোগ দিতে তিন জোড়া ট্রেন ভাড়া, রাজশাহী থেকে যাচ্ছে ১২ হাজার কর্মী

18 July 2025, 10:56:22

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের যাতায়াতের জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ রুটে এসব ট্রেন একবার করে ঢাকা-গমন ও প্রত্যাবর্তন করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট (১) আরফিন নাহার ও রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবিরের স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী-ঢাকা স্পেশাল ট্রেন
রাজশাহী মহানগর জামায়াতের অফিস সেক্রেটারির আবেদনের ভিত্তিতে ১৪ বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এই ট্রেনটি শুক্রবার দিবাগত রাত ১টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে শনিবার ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে শনিবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে।

উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের বগি দিয়ে পরিচালিত হবে, যার সাধারণত সাপ্তাহিক ছুটি শনিবার থাকলেও এবার বিশেষ ব্যবস্থায় চলবে।

সিরাজগঞ্জ-ঢাকা ট্রেন
আরেকটি ট্রেন শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে এটি রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রবিবার ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জে পৌঁছাবে।

ময়মনসিংহ-ঢাকা ট্রেন
একইভাবে ময়মনসিংহ-ঢাকা রুটেও একটি স্পেশাল ট্রেন চলাচল করবে বলে রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবিরের স্বাক্ষরিত আরেক চিঠিতে উল্লেখ রয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই ট্রেনও একবার যাতায়াত করবে।

১২ হাজার কর্মী, লাখো মানুষের অংশগ্রহণের আশা
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, আমরা রেলওয়ের কাছে ১,১৭৯টি আসনের জন্য প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা টিকিটমূল্য পরিশোধ করেছি। পুরো ট্রেনটিই জামায়াতের নেতাকর্মীদের জন্য বরাদ্দ।

তিনি আরও জানান, রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকেও ৮-১০টি করে বাস ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছে। পাশাপাশি অনেকেই ঢাকায় আগেই পৌঁছে গেছেন। আমাদের প্রত্যাশা, রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার কর্মী সমাবেশে অংশ নেবেন।

জামায়াতের দাবি, ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। তাদের মতে, এই সমাবেশের মাধ্যমে একটি “গণতান্ত্রিক দাবি” তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে দলের সক্রিয়তা আরও জোরদার করা হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: